কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ‘পীর’ শামীমকে হত্যা ও সারাদেশে মবসন্ত্রাসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে এই অবস্থান কর্মসূচি হয়।

দুর্বার আদির সঞ্চালনায় এসময় শিক্ষার্থীদের ‘মব সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তোলো আন্দোলন, ‘মাজারে হামলা কেন?’, ‘পীর শামীমদের খুনিদের অবিলম্বে গ্রেফতার কর’ প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করতে দেখা যায়।

জাবি শাখা ছাত্র ইউনিয়নের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী বলেন, কুষ্টিয়ায় পীর শামিমের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই ‘মব হামলা’ নয়; এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যেখানে নির্দিষ্ট একটি গোষ্ঠী ভিন্নমত বা ভিন্ন পরিচয়ের মানুষকে টার্গেট করে আক্রমণ করছে। শাহবাগসহ বিভিন্ন স্থানে শুধু চেহারা বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে হামলার ঘটনাও ঘটেছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ও সহনশীলতার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও এ ধরনের সহিংসতা অব্যাহত থাকা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশে যেখানে সেখানে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।

এসময় জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।