প্রক্সি দিয়ে স্বর্ণপদক, সপ্তাহ পেরোলেও ব্যবস্থা নেয়নি ইবি
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে ৮০০ মিটার দৌড়ে প্রক্সি খেলোয়াড়কে মাঠে নামিয়ে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক পায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এ ঘটনার সপ্তাহ পেরোলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। ইবির শরীর চর্চা ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা, ইবির খেলোয়াড়দের প্রশিক্ষক ও কিছু শিক্ষার্থী এ ঘটনায় জড়িত থাকায় প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ৪ মে ওই দৌড় প্রতিযোগিতায় ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরুর রহমানের জায়গায় প্রক্সি খেলোয়াড় হিসেবে আরেকজন মাঠে নেমে প্রথম হন। প্রক্সি দেওয়া ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তিনি ইবির খেলোয়াড়দের প্রশিক্ষক সাহেব আলীর ছাত্র বলে জানা গেছে।
এদিকে ঘটনার পরদিন বিষয়টি জানাজানি হলে আয়োজক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ প্রথম জনকে বাতিল করে বাকি বিজয়ীদের পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে পুরস্কৃত করে। তবে প্রক্সির বিষয়টি নিজেদের অজান্তেই ঘটেছে বলে দাবি আয়োজক কর্তৃপক্ষের। এছাড়া এ ঘটনার পাঁচ দিন পেরোলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।

শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক এবং আয়োজক কমিটির সদস্যসচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত বিভিন্ন ধরনের খেলা চলমান থাকায় ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারিনি।
এ বিষয়ে জানতে মুঠোফোনে উপাচার্য ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ইরফান উল্লাহ/এমএন/এএসএম