ঢাবিতে উদ্যোক্তা উন্নয়নে আন্তর্জাতিক নীতি সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক নীতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার হয়। ঢাবি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, কোইকা ও কেপিসি কনসোর্টিয়াম যৌথভাবে এর আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহার, কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম ও বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান এবং কেপিসি কনসোর্টিয়ামের প্রকল্প ব্যবস্থাপক দে জিন কিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ঢাবির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. অদিতী শামস।
ঢাবির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশে বেকারত্বের হার কমাতে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে বেকারত্বের হার প্রায় ২০ শতাংশ। বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি তারা অন্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
এফএআর/একিউএফ