সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর
জুবায়ের হত্যার রায় পেছানোর নিন্দা জানিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর। বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান সংগঠকরা।
বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ৪ ফেব্রুয়ারি ঘোষণার দিন ধার্য করেছিল আদালত। কিন্তু, নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির না করায় রায় পেছানোর কারণ বলে উল্লেখ করা হয়। আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পরবর্তী দিন ধার্য করেন আদালত।
এই রায় পেছানো মামলার দীর্ঘসূত্রিতার প্রকাশ যা হত্যাকারীদের সর্বপরি সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় ।‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এখনও জুবায়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং রায় পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, একদিকে পুলিশ খুনিদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে। অথচ খুনিরা ফেসবুকে বেশ সক্রিয়। ফেসবুকের মাধ্যমে তারা সংগঠকদের বিভিন্ন সময়ে হুমকিও দিয়ে আসছে বলে জানান তারা।
রায় পেছানোর প্রতিবাদে বুধবার ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় ধর, রেহেল ফেরদৌস শাহ্।
এমএএস/আরআই