জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আজ


প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আজ বৃহস্পতিবার। এদিন বিকেল তিনটায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবর্তন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান করবেন।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সমাবর্তনে ভাষণ দেবেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন নামে প্রদত্ত ট্রাস্টফান্ড বৃত্তিপ্রাপ্ত বিশজনেরও অধিক গ্রাজুয়েটকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রূপে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকা জুড়ে সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। সমাবর্তনে প্রায় নয় হাজার গ্রাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী অংশগ্রহণ করছেন।

বেলা দুইটায় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটগণ সমাবর্তন স্থলে আসন গ্রহণ করবেন। অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন বেলা আড়াইটায়। চ্যান্সেলর সমাবর্তন শোভাযাত্রাসহ সমাবর্তন স্থলে আগমন করবেন বেলা তিনটায়। সমাবর্তন শেষ হবে বিকেল সোয়া চারটায়। সন্ধ্যে ছয়টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।