রাবির অধ্যাপক ফারুক-উজ-জামান আর নেই


প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিরতরুণ শিক্ষক বলে পরিচিত ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক-উজ-জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেরেজ্জামান জানান, অধ্যাপক ফারুক-উজ-জামান রাত ৯টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ১০টার দিকে তার মৃতদেহ নিজ বাসভবনে নেওয়া হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক ফারুক-উজ-জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজলিয়া গ্রামে।

তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্বভাবে ছিলেন সদা হাস্বোজ্জ্বল। ছাত্রছাত্রীদের কাছে ছিলেন বন্ধুসুলভ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।