ঢাবিতে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগ ও সহাবস্থানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান প্রেরিত এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য আল্টিমেটাম দিলেও তার কোনো সুফল সরকারি ছাত্র সংগঠন ব্যতীত অন্য কেউ পায়নি। এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন ‘দলকানা’ উপাচার্যের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রলীগের আজ্ঞাবহ এবং অপকর্মের দোসর উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে প্রশাসন চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এখন সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। বিশ্ববিদ্যালয় কারও পৈতৃক সম্পত্তি নয়। এখানে অধিকার রয়েছে সকল মতের ছাত্রদের সমান সুযোগ-সুবিধা ভোগ করার। তাই যতদিন পর্যন্ত সকল সাধারণ ছাত্র-ছাত্রীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ছাত্র ধর্মঘট চলবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।