ছুরিকাঘাতে রাবি ছাত্রলীগের দুই নেতা আহত
রাজশাহী নগরীর পদ্মা গার্ডেনে স্থানীয়দের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শাবরুন জামিল সুষ্ময় এবং সদস্য সুরঞ্জিত প্রসাদ বিত্ত। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুষ্ময়ের অবস্থা আশঙ্কাজনক। তার পিঠে ও পেটে ছুরিকাহত করা হয়েছেন।
রাবি ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে সুষ্ময় ও বিত্ত নগরীর পদ্মা গার্ডেনে ঘুরতে যান। এসময় সেখানে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়দের হামলায় ছাত্রলীগ নেতা সুষ্ময় ও বিত্ত আহত হন।
সুষ্ময়কে পিঠে ও পেটে ছুরিকাঘাত এবং বিত্তকে রড দিয়ে মারধর করা হয়। পরে খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, স্থানীয় কয়েকজন ছেলে সুষ্ময় ও বিত্তকে মারধর করেছে। সুষ্ময় অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
এসএইচএ/পিআর