ঢাবি ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের ১৭তম ব্যাচের ছাত্রী নুসরাত জাহান তুষ্টির উপর স্বামী মেজর নাজির উদ্দিন ও তার পরিবার কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রায় আড়াইশ` শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় তারা যৌতুকের কারণে নির্যাতনের শিকার তুষ্টির স্বামী মেজর নাজিরের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে তুষ্টির উপর নির্যাতনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার উপর কীভাবে এ ধরনের অমানসিক নির্যাতন হতে পারে তাও আবার যৌতুকের দাবিতে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই সেনাবাহিনীর একজন সদস্য হয়ে মেজর নাজির কীভাবে যৌতুকের দাবিতে তার স্ত্রীর উপর এ ধরনের অমানবিক নির্যাতন করতে পারে। সে আমাদের সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। অবিলম্বে তাকে সেনাবাহিনীর মেজর থেকে অপসারণ করা হোক।
বক্তারা আরও বলেন, নাজির সেনা সদস্য হওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে গেলে টাঙ্গাইলের কালিহতি থানা ওসি মামলা গ্রহণ করেননি। আমরা অবিলম্বে তাকে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. আলী আক্কাস, অধ্যাপক ড. রায়হান উদ্দিন, তুষ্টির ছোট ভাই মুকিত হাসান, বান্ধবী আনীলা আলী প্রমূখ।
বিএ/পিআর