জাবিতে শ্রেণিকক্ষ সংকট : ক্লাশ হয় মেঝেতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শ্রেণিকক্ষ সংকটের কারণে মেঝেতে শিক্ষার্থীদের পাঠদান করেছেন শিক্ষকরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে বাংলা বিভাগে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দ্বিতীয় তলায় বিভাগের বারান্দার মেঝেতে ক্লাস নেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা সুলতানা। এ সময় প্রথম বর্ষের ৫৬ জন শিক্ষার্থী বারান্দার মেঝেতে বসে ক্লাস করেন।
এরপর সকাল সাড়ে দশটায় বিভাগের সহকারী অধ্যাপক আহসান ইমাম বারান্দার মেঝেতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘বাংলা লোক সাহিত্য’ কোর্সের ক্লাশ নেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিভাগটিতে বর্তমানে ৫টি ক্লাশ রুম রয়েছে। যার একটি শিক্ষক লাউঞ্জ এবং আরেকটি সেমিনার রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে একটি মাত্র বড় রুম রয়েছে। বিভাগটিতে প্রতিটি ব্যাচে প্রায় ৭০-৮০ জন করে শিক্ষার্থী থাকায় বড় রুমটি ছাড়া অন্য রুমগুলোতে ক্লাশ করা সম্ভব হচ্ছে না অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের।
বাংলা বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া খালেদুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও মেঝেতে ক্লাস করতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন জাগোনিউজের কাছে। এছাড়া বিভাগটিতে বর্তমানে ৬টি ব্যাচ থাকায় শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক আহসান ইমাম বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে মেঝেতে ক্লাস নিতে হয়েছে। ক্লাস না নিতে পারলে ছেলে ময়েরা পিছিয়ে পড়বে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ক্ষোভ প্রকাশ করে বলেন, কলা অনুষদের সবচেয়ে পুরাতন বিভাগ হওয়ার পরও বাংলা বিভাগের শ্রেণিকক্ষ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা না নেওয়া দুঃখজনক।
এমএএস/আরআই