চার মাস পর শুক্রবার খুলছে ইবি : শনিবার ক্লাস শুরু


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০১ এপ্রিল ২০১৫

শিক্ষার্থীদের আন্দোলেনর মুখে অবশেষে দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর শুক্রবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকেই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শুক্রবার খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের জের ধরে বিশ্ববিদ্যালয় ৩৭ দিন বন্ধ ছিল। ছুটি শেষে চলতি বছরের ৭ জানুয়ারি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ৯ জানুয়ারি শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় একদিনের মাথায় বিশ্ববিদ্যালয় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। তখন থেকে তিন মাসেরও অধিক সময় বন্ধ রয়েছে ক্যাম্পাস।

দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। প্রশাসনের কাছে ক্যাম্পাস খোলার দাবি জানালেও এতে প্রশাসন কর্ণপাত না করায় তাদের দাবি আন্দোলনে রুপ নেয়। মানববন্ধন, বিক্ষোভ, অনশনসহ বিভিন্নভাবে তারা ক্যাম্পাস খোলার দাবি জানাতে থাকে প্রশাসনের কাছে। সর্বশেষ ২১ মার্চ  শনিবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করে। এসময় তারা ক্লাস-পরীক্ষা দ্রুত চালুর দাবিতে প্রতীকী বিষপান ও ফাঁসির মঞ্চ তৈরি করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ত ম লোকমান হাকিম ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে গিয়ে ৪ এপ্রিলের আগে ক্যাম্পাস সচল করা হবে এমন প্রতিশ্রুতি দিলে তারা আন্দোলন সাময়িক স্থগিত করে।

এরই ফলশ্রুতিতে শুক্রবার ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেয় ইবি প্রশাসন। এদিকে আগামী শীনবার থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পুণঃনির্ধারিত অফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী (১) মেধা তালিকা থেকে ভর্তির জন্য সাক্ষাৎকার ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত। (২) মেধা তালিকা থেকে ভর্তি ৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত। (৩) মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত। (৪) বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত। (৫) অপেক্ষমান ও বিশেষ কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তন ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত। (৬) ক্লাস শুরু ২ মে ২০১৫ হতে। এছাড়া সভায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, পরীক্ষা ও হলসমূহ খুলে দেয়ার ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-এ আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মসলেম উদ্দিন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।