২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন হবে


প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন শনিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

সিনেট অধিবেশনে উপাচার্য বলেন, এ বছরের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হবে। অতঃপর সিনেটে আনন্দঘন পরিবেশে রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অধিবেশনে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের অভ্যন্তরে সর্ববৃহৎ তো বটেই, এমনকি বিশ্বের মধ্যেও এটি অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। এর বৃহৎ আয়তন বা পরিধির কারণে এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এখনও পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা, প্রধানত সরকারি কলেজগুলো প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিংবডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠানবহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি।

বিশেষ সিনেট অধিবেশনে প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোসহ ১৮ বিশিষ্ট ব্যক্তি এবং গুলশানের হোলি আর্টিসানে নিহতদের জন্য শোকপ্রস্তাব আনা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদ সিনেটের সভাপতি হিসেবে লিখিত বক্তব্য প্রদানের আগে ওই প্রস্তাব আনেন।

অধিবেশনে অন্যদের মধ্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চেীধুরী, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনসহ অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।