রাবিতে সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৬ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি পথযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এসে শেষ হয়।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মেহেরুল সুজনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. প্রদীপ কুমার পান্ডে, ড. মুসতাক আহমেদ, শাতিল সিরাজ (শুভ), মোজাম্মেল হোসেন বকুল, মাহবুবুর রহমান রাসেল , সিফাতের সহপাঠীসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে সিফাতের শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করে  আত্ম-হত্যার নাটক সাজিয়েছে । কিন্তু তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন হত্যার প্রমাণ দিচ্ছে। আমরা পুলিশ প্রশানের নিকট আহবান জানাচ্ছি তারা যেন সঠিক তদন্ত করে এই হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনে। এরই মধ্যে তার স্বামী আসিফকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই তার শশুর- শাশুড়ীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করারও আহবান জানান তারা। এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

গত ২৯ মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় শশুর বাড়িতে রহস্যজনকভাবে মারা যায় সিফাত। তার শশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তার শশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।