ঢাবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এবং বার্তাসংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, একটি বিশেষ মহল কিছুদিন ধরে ক্যাম্প্যাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতার ফসলস্বরূপ ইমরানের ওপর হামলা হয়েছে। হামলার তীব্র নিন্দা এবং যারা এ হামলায় জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।  
 
সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, বিজয় ৭১ হলের ১৪ মার্চের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলার ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় এটা অবশ্যই পূর্বপরিকল্পিত। রাতের অন্ধকারে এমন হামলা মেনে নেয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতরা যে দলের হোক না কেনো  বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনের নিকট দাবি জানাই।
 
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মনোয়ার হোসেন মান্না বলেন, একটি বিশেষ মহল ঘটনার সঙ্গে জড়িতদেরকে আড়াল করে সাধারণ শিক্ষার্থীদের ফাঁসানোর চেষ্টা করছে।
 
আগামী এক সপ্তাহের মধ্যে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয়া হলে মানববন্ধন থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
 
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারের অনুসারীরা ইমরান হোসেনের ওপর হামলা চালায়। ইমরান ৩ঘণ্টা অজ্ঞান ছিলেন। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

এমএইচ/এমআরএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।