গাজীপুরের ভাওয়াল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই কলেজ শাখা কমিটির সভাপতি সজিব হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাতে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবিকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত নেতা-কর্মীরা শনিবার দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ করে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গাড়ির যাত্রা পথে বেরিকেড দেয়।
এনিয়ে কলেজের ছাত্রলীগের দু’পক্ষের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়।
এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সৌরভ এবং জয়দেবপুর থানার এসআই মো. সাইদুর রহমান খান বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজসহ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম