হাবিপ্রবিতে ২জন নিহতের ঘটনায় আবারও মামলা


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৮ এপ্রিল ২০১৫

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার আদালতে আরও একটি মামলা হয়েছে।

এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, হাবিপ্রবি’র প্রক্টর এটিএম শফিকুল ইসলাম, সার্জারি বিভাগের চেয়ারম্যান ফজলুল হক, কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান হাফিজ আল আমিন পলাশ, ছাত্র উপদেষ্টা শাহাদৎ হোসেন খান লিখন ও উপাচার্যের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও ১৮ ছাত্রসহ ৩৭ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

শহরের বড় গুড়গোলা এলাকার বাসিন্দা ও হাবিপ্রবির বিবিএ ২য় বর্ষের ছাত্র নিহত জাকারিয়ার পিতা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন মামলাটি গ্রহণ করেন। পরে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন। মামলাটি বাদী পক্ষে দাখিল করেন এ্যাড. সাইফুল ইসলাম।

এ নিয়ে হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় থানায় ১ টি এবং আদালতে ২টি মামলা দায়ের হলো। এছাড়াও হাবিপ্রবি কর্তৃপক্ষ থানায় একটি এজাহার দাখিল করলেও তা এখনও তালিকাভূক্ত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাত সাড়ে ৮ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বিবিএ`র শেষ বর্ষের ছাত্র মো. জাকারিয়া ও ভেটেরিনারী এ্যান্ড এ্যানিমেল সাইন্স বিভাগের ছাত্র মাহামুদুল হাসান মিল্টন নিহত হয়।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।