জাবির ১৫ শিক্ষকের পদত্যাগ করার সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দ নিয়ে জটিলতার কারণে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ শিক্ষক পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অফিস চলাকালীন সময়ে তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন জাগো নিউজকে নিশ্চিত করেন। সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভায় ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবনের নবনির্মিত তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে দেয়ায় বৃহস্পতিবার মধ্যরাতেই পদত্যাগ করার ঘোষণা দেন তারা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ৯ জন শিক্ষকের স্বাক্ষরসহ একটি পদত্যাগপত্র রেজিস্ট্রারের কাছে পাঠালেও অফিস সময়ে না দেয়ার কারণে তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ভবনের (৪ তলা যতটুকু হয়েছে) তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে দেয়ার সিদ্ধান্ত হয় এবং ১ম, ২য় ও ৪র্থ তলা (যতটুকু হয়েছে) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূতাত্ত্বিক বিজ্ঞানকে দেয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ কামরুল আহসান বলেন, সিন্ডিকেটে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ভবনের প্রায় ২৭ হাজার স্কয়ার ফিট পরিবেশ বিজ্ঞান বিভাগকে, ভূতাত্ত্বিক বিজ্ঞানকে প্রায় ৩১ হাজার স্কয়ার ফিট (১ম, ২য়, ৪র্থ অংশ) এবং সিএসই বিভাগকে প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট (প্রথম, ২য়, ৪র্থ তলা অংশ) বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে তিনতলা পরিবেশ বিজ্ঞানকে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করার জন্য পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ আলী, শরীফ উদ্দিন, এমদাদুল ইসলাম, গোলাম মোয়াজ্জম, সহযোগী অধ্যাপক হুমাযুন কবীর, সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, স্বর্ণালী বসাক, তানজিলা রহমান, তাহসিনা হাসেম ও যুগল কৃষ্ণ দাস। শনিবার ঢাকা থেকে এসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাকি শিক্ষকরা পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন বলে বিভাগের সভাপতি জানান।
এ সম্পকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, আমাদের প্রয়োজনীয় ৪২ হাজার স্কয়ার ফিট বরাদ্দ না দিয়েই এই ভবনে সিন্ডিকেটের সিদ্ধান্তে পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা পদত্যাগ করছি। শনিবার আমরা পদত্যাগপত্র জমা দেব।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হল সংলগ্ন ভূতাত্ত্বিক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের নব নির্মিত তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়। এতে শ্রেণিকক্ষ ও অন্যান্য সংকট হবে এমন দাবি করে নতুন ভবনে পরিবেশ বিজ্ঞানকে উঠতে বাধা দেয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এই অচলাবস্থা নিরসনে গত ৭ এপ্রিল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়।
এমজেড/আরআই