পুলিশ সার্জেন্টের স্থায়ী বহিস্কারের দাবি জাবি শিক্ষার্থীদের


প্রকাশিত: ১১:২৬ এএম, ১২ মে ২০১৫

পুলিশ সার্জেন্ট ইমরানের স্থায়ী বহিস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় নতুন কলা ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভাগের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষক এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. এএসএম আবু দায়েন বলেন, সার্জেন্টে ইমরানের পরিচয় পুলিশ  হতে পারে না, সে সন্ত্রাসী, এই হামলা বাংলাদেশের সকল শিক্ষকদের উপর হামলা, আমি দ্রুততম সময়ে তার কঠোর শাস্তির দাবি করছি।

কর্মসূচিতে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন সার্জেন্ট ইমরানের কঠোর শাস্তি দাবি করেন এবং ঐক্যবদ্ধ হয়ে সকলকে এর প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

জার্নালিজ এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মইনুল ইসলাম রাকিব বলেন, সন্ত্রাসী সার্জেন্টকে স্থায়ীভাবে বহিস্কার না করা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি, সহযোগী অধ্যাপক ড. হিমেল বরকত, প্রভাষক মামুন-অর-রশিদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব গোলাম রাব্বানী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) রাতে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জাবির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহাম্মেদকে লাঞ্ছিত করে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ইমরান ও তার সহকর্মীরা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

হাফিজুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।