চবিতে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিআরটিসি ও বিশ্ববিদ্যালয় বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবাসী কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিআরটিসি বাসের চালক আবদুল আলিম, বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুস্মিতা দাশ, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমা আক্তার, বিশ্ববিদ্যালয় বাসের চালক মো. মুজিব ও সহকারী মো. আলী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবুল খায়ের জাগো নিউজকে জানান, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এলাকা সংলগ্ন প্রবাসী কলোনির সামনে হাটহাজারী সেন্ট্রাল শিক্ষার্থী ফোরামের বিআরটিসি বাসের (১১-০৩১২) সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাসের (জ-১২০৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ প্রায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিআরটিসি বাসের চালক আবদুল আলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এসএস/পিআর