ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন একই বিভাগের এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষক আবু নাসের মুহম্মদ সাইফ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের প্রভাষক।
এ ব্যাপারে গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি (শিক্ষা), সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিভাগের চেয়ারম্যান এবং প্রক্টরের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সান্ধ্যকালীন কোর্সের এক ছাত্রী।
লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, পড়াশোনায় সাহায্য করার জন্য মুহম্মদ সাইফ ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তার কক্ষে (৬০১২নং) আমাকে প্রায়ই যেতে বলতেন। আমিও মাঝে মাঝে তার কক্ষে যেতাম। এই সুযোগ নিয়ে গত বছরের ২৪ নভেম্বর তিনি আমাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে ঘটনাটি বন্ধু-বান্ধবদের জানাতে চাইলে তিনি বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এরপর বেশ কয়েকবার তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান।
এর মধ্যেই কয়েকবার তাকে বিয়ে করতে অনুরোধ করলে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত এক সেমিনারে যোগদান শেষে দেশে ফিরে এসে বিয়ে করবেন বলে জানান। কিন্তু ফিরে এসে ৮০ লাখ টাকা যৌতুক দিতে না পরলে আমাকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন । এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি’র (প্রশাসন) নিকট ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য তা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এমএইচ/এসকেডি/এসএইচএস/আরআই