ডুয়েটে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২১ মে ২০১৫

‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনার গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনাতনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সাইবার অপরাধ ও এর নানা দিক নিয়ে আলোচনা করেন ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন (আইবিএফ) এর পরিচালক আতিকুল ইসলাম খান। আইনগত নানা বিষয় নিয়ে বক্তব্য দেন আইবিএফের লিগ্যাল অফিসার বিপ্রেস দাস।

অনুষ্ঠানে জানানো হয়, কম্পিউটার হ্যাকিং তথা কারো অনুমতি ব্যতীত যে কোনো ইলেকট্রনিক্স আইডিতে প্রবেশ করলে, যে কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর বক্তব্য বা ছবি প্রকাশ করলে কমপক্ষে ১৪ বছরের এবং অনূন্য সাত বছর কারাদণ্ডে বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য-০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে ডুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।