কক্সবাজার সরকারি কলেজে শিবিরের হামলায় আহত ৪


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ জুন ২০১৫

কক্সবাজার সরকারি কলেজে শিবির কর্মীদের হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছে। রোববার সকালে ছাত্রলীগ কর্মীরা উচ্চ মাধ্যমিক এ ভর্তি ইচ্ছুকদের অনলাইনে সহযোগিতা দেওয়ার সময় ক্যাম্পাসে এ হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন, আব্দু রশিদ, সরওয়ার কামাল, মোস্তাকিন শুভ এবং ওয়াবইদুল হক বাবুল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক শিবির নেতাকে আটক করেছে।

আহত ছাত্রলীগ নেতারা জানান, শনিবার সকাল থেকে এইচএসসি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে সহযোগিতা করে আসছিল ছাত্রলীগ কর্মীরা। তারই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে ছাত্রলীগের কর্মীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে নবাগতদের সহযোগিতা করছিল। সকাল সাড়ে ১০টার দিকে শিবির’র কলেজ সভাপতি জিয়াউল হক, খোরশেদ আলম বুলেট, জাহেদুল ইসলাম, জাহেদুল গণির নেতৃত্বে ১০/১৫ জন শিবির কর্মী ক্যাম্পাসে থাকা ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায়। এ সময় হামলায় ছাত্রলীগের চার কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুর রশিদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, হামলার খবর পেয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল রাশেদের নেতৃত্বে বিপুল নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে বিষয়টি অবহিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল জানান, কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে শিবির নেতাকর্মীরা বারবার সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটিয়ে আসছে। এ হামলার বিষয়ে মডেল থানাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুহাম্মদ হালিম নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে জানতে কলেজ শাখা শিবিরের সভাপতি জিয়াউল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।