নিরাপত্তার চাদরে অনাড়ম্বর বর্ষবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ এএম, ০১ জানুয়ারি ২০২৩
ফানুস উড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৩ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়নি অন্যান্য বারের মতো বড় আয়োজন। সীমিত পরিসরে আতশবাজি, ফানুস উড়ানোর মাধ্যমে অনাড়ম্বরভাবে বরণ করা হয়েছে নতুন বছরকে। যদিও আতশবাজি ও ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা ছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ে মোতায়ের করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে এ চিত্রই দেখা যায়। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। শাহবাগ, নীলক্ষেত, উদয়ন স্কুল, শেখ রাসেল টাওয়ার ও দোয়েল চত্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে সীমিত করা হয় মানুষ ও যানচলাচল। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জরুরি পরিবহন ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়।

jagonews24

টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, শনিবার রাত ১১টা থেকেই টিএসসি এলাকায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হন। রাত ১২টা বাজতেই শিক্ষার্থীরা ফানুস ও কয়েকটি আতশবাজি ফাটিয়ে বরণ করে নেন নতুন বছরকে। অন্যান্য বছরের মতো এবার জাঁকজমকপূর্ণভাবে কোনো উৎসব পালন করা হয়নি। বহিরাগতদের আগমনও ছিল খুব সীমিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরমান বলেন, এবারের বর্ষবরণ অনাড়ম্বরভাবে হলেও এটি ছিল খুবই চমৎকার। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই উৎসবে যোগ দিয়েছে। শিক্ষার্থীরা তাদের মতো করে নতুন বছরকে বরণ করেছে। সবসময় এরকম হলেই ভালো লাগবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, এবারের বর্ষবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুস্থভাবে পালন করেছে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর মূল্যবোধের প্রকাশ পেয়েছে।

আল-সাদী ভূঁইয়া/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।