ব্যবসায়ী হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২২ মে ২০১৬

গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল ও আতাউর রহমান জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুনানি শেষে দুপুরে বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া হত্যার ঘটনায় প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চাঁদাদাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আসামিরা পলাতক রয়েছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ফয়েজ উদ্দিন।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।