শার্শায় নারী ভোটার বেশি
যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি নির্বাচনী ইউনিয়নে এবার নারী ভোটার সংখ্যা বেশি হওয়ায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা গণসংযোগে বাড়িমুখী হচ্ছেন।
প্রার্থীরা নারী ভোটারের ওপর গুরুত্ব দিচ্ছেন বেশি। নারী ভোটারের আস্থা অর্জনের ওপরই জয় নির্ভর করবে বলে রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন।
আগামী ৪ জুন শার্শার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আদালতের নিষেধাজ্ঞা থাকায় বেনাপোল ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে শার্শা উপজেলা ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৮০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৭ হাজার ১০৯ জন ও নারী ভোটার রয়েছেন এক লাখ ৭ হাজার ৬৯৭ জন। এ হিসেবে উপজেলায় পুরুষের চেয়ে ৫৮৮ নারী ভোটার বেশি। শার্শা ইউনিয়নে নারী ভোটার ১৬ হাজার ৫৭৩ জন। এরপর বাগআঁচড়ায় নারী ভোটার ১৩ হাজার ২৬১ জন।
উলাশীতে ১২ হাজার ৩৮৩ জন ও কায়রায় নারী ভোটার ১১ হাজার ৮০৬ জন। প্রতিটি ইউনিয়নে নারী ভোটারদের ভোট ব্যাংক হিসেবে মনে করছেন প্রার্থীরা। ফলে বিজয় ছিনিয়ে আনতে প্রার্থীরা নারী ভোটারদের গুরুত্ব দিতে শুরু করেছেন বেশি করে।
বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন, পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্ব কোনো অংশে কম নয়। ফলে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের কাছে নারী ভোটারের মূল্যায়নও বাড়বে।
জামাল হোসেন/এআরএ/পিআর