স্বামীকে মেরে পালানোর সময় স্ত্রী আটক


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৩ জুন ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর পরককীয়ায় বাধা দেয়ায় স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ হাসপাতালে ফেলে পালানোর সময় সায়মা সুমনকে (২৫) আটক করেছে পুলিশ।

নিহত হাসান ইসলাম সুমন (৩৫) ফতুল্লার নন্দলালপুর কবরস্থান রোড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বাড়ির পাশে স্টুডিওর ব্যবসা করতেন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। পরে হাসান ইসলাম সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এদিকে স্ত্রী সায়মা সুমনের দাবি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে তার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটি ফোন আসে। এনিয়ে সুমন তাকে সন্দেহ করে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সায়মা তার স্বামী সুমনের পিঠে কয়েকটি তিনি ছুরিকাঘাত করেন।

পরে তাকে একটি রিকশায় করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, নিহত সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।