আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ: ভোটারদের শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শামা ওবায়েদ ইসলাম/ছবি-সংগৃহীত

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে জয়লাভের পর দলীয় নেতা-কর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পোস্টে শামা ওবায়েদ লেখেন, ‘প্রিয় নগরকান্দা ও সালথাবাসী। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়। কৃষক, শ্রমিক, দিনমজুর, ছোট ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের।’

আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল উল্লেখ করে তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

বিভাজন নয়, ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়ে শামা ওবায়েদ আরও লিখেছেন, ‘ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এই আসনে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ৪১।

ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ এক লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। চূড়া

এন কে বি নয়ন/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।