বেনাপোলে ইউপি সদস্য আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকতিয়ার জামান বক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ধাণ্যখোলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বকতিয়ার ওই গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, বকতিয়ারের বিরুদ্ধে স্থানীয় বাহাদুরপুর বাওড় দখল করার ঘটনায় দায়ের করা দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এতদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফেরেন। গোপন খবর পেয়ে পুলিশ ধাণ্যখোলা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তবে ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান জানান, বেনাপোল পৌর মেয়রের প্রার্থীর পক্ষে কাজ না করায় তাকে কৌশলে ধরিয়ে দেয়া হয়েছে। তিনি আমার পক্ষে কাজ করছিল।
জামাল হোসেন/এআরএ/পিআর