ধলেশ্বরী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৪ জুন ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা পেট্রোল পাম্প ও ৬টি ইটভাটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

শনিবার বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

গোলাম মোস্তফা জানান, বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা সিটি ওয়েল নামের একটি পেট্রোল পাম্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এজিএম খন্দকার ব্রিকফিল্ড, ইব্রাহীমের মালিকানাধীন এমজিএম ব্রিকফিল্ড, রুহুল আমিনের মালিকানাধীন ব্রিকফিল্ড, ন্যাশনাল ব্রিকফিল্ড, আমজাদ হোসেনের মালিকানাধীন ব্রিকফিল্ড, এবিএস ব্রিকফিল্ড এর দখলকৃত বাশের পাইলিং উচ্ছেদ ও ভরাটকৃত বালু উত্তোলনের মাধ্যমে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, গত ৩০ মে থেকে টানা ৪ দিন ধরে দু’টি ভেকুর সাহায্যে আলীরটেক ইউনিয়নের গোপচরে ধলেশ্বরী নদী দখলকারী ১৫টি ইটভাটার বাশের পাইলিং উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। ৫ম দিন থেকে বক্তাবলীতে শুরু হয়েছে এ অভিযান।

শাহদত হোসেন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।