জামায়াত নিষিদ্ধে তালবাহানা চলবে না : শাহরিয়ার কবির


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১২ জুন ২০১৬

জামায়াত নিষিদ্ধ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াত নিষিদ্ধে তালবাহানা চলবে না।

রোববার বিকেলে যশোর সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত নিষিদ্ধ না করে আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জামায়াতকে যারা নিষিদ্ধ করেছিলেন, তাদের মধ্যে আপনার (সৈয়দ আশরাফুল) বাবাও (সৈয়দ নজরুল ইসলাম) ছিলেন। তাহলে আপনাকে স্বীকার করতে হবে আপনার বাবা ভুল করেছিলেন। তাই আপনি আপনার বাবার বিপক্ষে দাঁড়িয়েছেন। যদি তা না হয়, তাহলে পরিষ্কার করে বলুন জামায়াত নিষিদ্ধ করতে সমস্যা কোথায় ?

সাম্প্রদায়িক নিপীড়ন ও গুপ্তহত্যা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। যশোর জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার কবির বলেন, জামায়ত নিষিদ্ধ করা যাবে না, এই তালবাহানা শুনতে চাই না। আমেরিকা, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ জামায়াত নিষিদ্ধ চায় না। যুদ্ধাপরাধীদের বিচারও তো অনেকে চায় না। অনেক চাপ উপেক্ষা করে এই বিচার চলছে। জামায়াত সন্ত্রাসী দল। জামায়াত নিষিদ্ধ করতে আদালতে যাওয়ার প্রয়োজন নেই। জেএমবি, আনসারুল্লা বাংলা টিমের মত সন্ত্রাসী দলগুলোকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই জামায়ত নিষিদ্ধ করা যাবে।

তিনি বলেন, পাকিস্তানের মত বাংলাদেশ হয়ে যাবে, তেমনটি আমরা চাই না। পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলছেন, যে জুতো আমরা ছুঁড়ে দিয়েছি, সেটিতে কেন তোমরা পা গলাতে চাইছো।

তিনি আরো বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নেই। কিন্তু তার চারপাশে যারা আছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিরো টলারেন্স মানছে না। সারাদেশে গণগ্রেফতার করা হচ্ছে। তিন হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে। কিন্তু একজনও হেফাজত কর্মী আটক করা হয়নি। যারা দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না।  

মতনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।