কালীগঞ্জে ভুয়া ডাক্তার আটক


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ জুন ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজারে এমবিবিএস পরিচয়ে দুই সহযোগীসহ এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার নাজিরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫), সহযোগী রাজশাহীর চারঘাট এলাকার হানাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে তবারক হোসেন (৫৪) ও বরিশাল মুলাদী এলাকার মধ্যগাচুরী গ্রামের মৃত খন্দকার আব্দুল লতিফের ছেলে শাহরিয়ার আলম (৪৫)।      

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, রোববার সন্ধ্যায় ইসমাইল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দুই সহযোগীসহ রোগীদের চিকিৎসা দিতে শুরু করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের তিনজনকে আটক করা। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মৃত কসুম উদ্দিনের ছেলে জাকির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (নং ১৯) দায়ের করেছেন। ওই মামলায় সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আখন্দ জানান, নিয়মানুয়ায়ী দেশের কোনো চিকিৎসক এমবিএস হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন লাগে কিন্তু প্রাথমিকভাবে সেটা তারা দেখাতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একটি মহল তাদের আটক করেছে। এ কারণে মামলার বাদী স্থানীয় কেউ না হয়ে উপজেলার বালীগাঁও গ্রামে জাকির হোসেন হয়েছেন।  

এ ব্যাপারে মামলার বাদী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ওই জায়গায় গিয়েছিলাম। এই বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।  
    
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে মামলার বাদীর ব্যাপারে বলেন, মামলার বাদী যে কেউ হতে পারে।   
    
আব্দুর রহমান আরমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।