গাজীপুরে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার ৮৬


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১২ জুন ২০১৬

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিশেষ অভিযানে ৮৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পাবনার ফইলজানা গ্রামের ফরিদ হোসেন ও একই এলাকার জাহাঙ্গীর আলমকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাকু ও হাতুরিসহ গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে জয়দেবপুর থানা এলাকা থেকে ৩১, টঙ্গী থানায় ১৪, কালিয়াকৈর থানায় ১১, শ্রীপুর থানায় ৯, কাপাসিয়া থানায় ১৩ ও কালীগঞ্জ থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গত তিনদিনে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক জেএমবি সদস্যসহ ২৪১ আসামিকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৪৫টি অবৈধ মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিনসহ দুই রাউন্ড পিস্তলের গুলি, ৩টি পাইপগান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আব্দুস সবুর খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।