গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত: ০৮:১২ এএম, ১৩ জুন ২০১৬
ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন দুদক। সোমবার সকালে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, দণ্ডবিধির ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, অধ্যাপক এমএ মান্নান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় করেন। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যয় দেখানো হয়েছে।

ত্রাণ ও দরিদ্র তহবিলের আয়সমূহ কোনো ব্যাংক হিসাবে না রেখে নিয়ম বহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার কাছে সংরক্ষিত রাখেন এবং টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত ভাউচারের অনুকূলে তার মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবে। এর আগে গত বৃহস্পতিবার এ মামলায় দুর্নীতি দমন কমিশন অনুমোদন প্রদান করেন।

আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।