সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্যাংক-লরির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মা সোমা আক্তার (২২) ও তার মেয়ে নুসরাত।
নিহত সোমা আক্তার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম জানান, বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী (চট্টগ্রাম-মেট্রো-ঢ-৪১-০৩২৮) ট্যাংক-লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী সোমা আক্তার ও তার তিন মাসের শিশুকন্যা নুরসাতকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মা সোমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিশুটিকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি