আন্দোলনের মুখে আইআইইউসি বন্ধ ঘোষণা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই, (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনের মুখে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ দাবি করে কর্তৃপক্ষের কাছে।

jagonews24

উল্লেখযোগ্য দাবিগুলো হলো, লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া। পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।

এ বিষয়ে মঙ্গলবার রোডম্যাপ দাবি করলে কর্তৃপক্ষ একটি রোডম্যাপও দেন। কিন্তু শিক্ষার্থীদের তা পছন্দ না হওয়ায় রাতে ঘোষণা দেন। বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করবেন।

jagonews24

সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে সিয়াম এলাহি, মিপ্তাউল ফেরদৌসসহ শিক্ষার্থীরা জানান, রোববার থেকে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছিলেন। কর্তৃপক্ষ দায়সারা গোছের রোডম্যাপ দিয়েছে, যা মনমতো না হওয়ায় বুধবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে বিভিন্ন মেয়াদের সময়ের প্রয়োজন। আমরা রোডম্যাপ ঘোষণা করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থী তা মেনে নেয়নি। আমার ধারণা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাইরের কিছু অছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে।’

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।