ঈদে মহাসড়কে এক হাজার রোভার স্কাউট দায়িত্ব পালন করবে


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৭ জুন ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক ঈদের আগে ও পরে ৫ দিন দায়িত্ব পালন করবে এবং এজন্য তাদের সম্মানীও দেয়া হবে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি (নন্দনপুর) এলাকায় ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী কোরবানীর ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের উদ্বোধন করা হবে।
 
জাসদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা সরকার কিংবা দলের বক্তব্য নয়, এটা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ব্যক্তিগত বক্তব্য। এখন এসব ঘাটাঘাটির সময় নয়, বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়ীকতা। বিভেদ-বিভাজন না করে উগ্র সাম্প্রদায়ীকতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন ও সওজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
   
এর আগে মন্ত্রী মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, শহীদনগর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৬টি ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।