সাভারে তরুণীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে এক তরুণীকে (২৫) ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস (৪৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) ভোর ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।

এর আগে শনিবার দিবাগত রাত ১টায় রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহারসহ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসা তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। তাকে তেজগাঁও থেকে গ্রেফতার করে সাভার মডেল থানায় আনা হয়েছে। বাকিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতার০ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাহফুজুর রহমান নিপু/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।