উজিরপুরে শিক্ষক হত্যার ঘটনায় আটক ৩
বরিশালের উজিরপুরে স্কুলশিক্ষক পুরোহিত বিপুল চক্রবর্তীকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কাওছার, আমীর এবং আরিফ।
নিহত বিপুল চক্রবর্তী উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের শিক্ষক এবং স্থানীয় তাঁরাবাড়ি তাঁরা মন্দিরের পুরোহিত ও শিকারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার এবং সন্নাসী প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে মামলা করেছে তার সহোদর আশুতোষ চক্রবর্তী। শুক্রবার রাতে হত্যাকাণ্ডের পর ওই রাতেই তিনি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
উজিরপুর থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম জানান, দুপুরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ৩ যুবককে আটক করা হয়েছে।