আশুলিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর
সাভারে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগসহ ৮ দফা দাবিতে ক্যাম্পাসে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। এ সময় তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাট ও বস্ত্র গবেষণা ইনিস্টিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আসবাবপত্রসহ গাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা ক্যাম্পাসে অধ্যক্ষের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ করে তার পদত্যাগ দাবি করে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে ক্যাম্পাসে সঠিকভাবে পাঠ গ্রহণ সম্ভব হচ্ছেনা। তারা জানায়, সরকার, বিজিএমইএ ও বিকেএমইএ-এর সহায়তায় ইনিস্টিটিউট পরিচালনা করার কথা থাকলেও ভর্তির পর তাদেরকে জিম্মি করে প্রশাসন অতিরিক্ত অর্থ আদায় করছে।
শিক্ষার্থীরা আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রতিষ্ঠানের শেষ বর্ষের শিক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়াই পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অজানা আতঙ্ক সৃষ্টি হচ্ছে।