ভ্যানচালককে গলা কেটে হত্যাচেষ্টা : যুবক আটক
যশোরের ঝিকরগাছায় আল-আমিন (১৬) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তিন যুবক। বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার রাজাপুর বাঁওড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে। আহত আল-আমিনকে দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঝিকরগাছা শহরের বেলেবটতলা এলাকার বাসিন্দা আল-আমিন তার ভ্যান নিয়ে রাজাপুরে যাচ্ছিলেন। এ সময় একই উপজেলার শরণপুর এলাকার জাহিদুল, ইজাজুলসহ তিনজন তাকে ধরে নিয়ে যায় রাজাপুর বাঁওড়ের পাশে একটি পেঁপে ক্ষেতে।
সেখানে তারা ভ্যানচালককে হত্যার উদ্দেশে গলায় ছুরি চালিয়ে দেয়। ওই সময় তার চিৎকারে এলাকার লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জাহিদুলকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ বলেন, ‘ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা জাহিদুল নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
মিলন রহমান/এসএস/পিআর