কালিয়াকৈরে পোশাক শ্রমিককে জবাই করে হত্যা


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০১ জুলাই ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাবাধা রহমত টেক্সটাইল কারখানার পাশে পোশাক কারখানার এক শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত ওই শ্রমিক হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইন এলাকার জহিরুল ইসলামের ছেলে মাহমুদুর রহামান দিপু (২৫)। তিনি কালিয়াকৈর উপজেলার রহমত টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় শ্রমিক ছিলেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, মাহমুদুর রহামন কালিয়াকৈর উপজেলার মৌচাকের কলাবাধা এলাকায় সেলিম মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়ির পাশে এক মহিলার বাড়িতে ভাড়া থেকে রহমত টেক্সটাইল কারখানায় কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে কারখানায় যাওয়ার পথে নিখোঁজ হন দিপু। শুক্রবার ফজরের নামাজের সময় মুসল্লিরা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।