এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলেন আ’লীগ-বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও ২ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উপজেলার সুকাস ইউনিয়নের মৌগ্রাম নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি ক্যাম্পে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল। এসময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলির মেম্বারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি কর্মীরাও আব্দুল জলিল মেম্বারের সঙ্গে যোগ দিয়ে এনসিপির কর্মীদের মারধর করেন ও তাদের নির্বাচনি কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেন।

এনসিপি কর্মী আশিক রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও বিএনপি নেতা-কর্মীরা এই হামলা চালায়।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জানান, এনসিপি কর্মীরা নিজেরাই নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহাদ ও সুলতান নামে আহত ২ এনসিপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

সিংড়া আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাদের বাবু বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে সিংড়া বাস স্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। তদন্তের পর সঠিক তথ্য নিশ্চিত করা যাবে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।