বগুড়া

তারেক রহমানের গ্রিন ক্যাম্পেইন, লিফলেট মাটিতে পড়লে গজাবে চারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাস্তার পাশে পড়ে থাকা একটি সাধারণ লিফলেট সাধারণত ময়লার ভাগাড়ে যায়। কিন্তু বগুড়ার রাজপথে এখন এমন এক লিফলেট বিলি হচ্ছে, যা মাটিতে পড়ে একটু পানির ছোঁয়া পেলেই বুক চিরে বেরিয়ে আসবে সবুজ প্রাণ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত এই বিশেষ ‘বনকাগজের’ লিফলেট এখন বগুড়াবাসীর মুখে মুখে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের এই ভিন্নধর্মী প্রচারপত্র বিলি করতে দেখা যায়। বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণাকে ‘গ্রিন ক্যাম্পেইন’ বা পরিবেশবান্ধব রূপ দিতেই এই অভিনব প্রয়াস।

বিশেষ এই লিফলেটের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বনকাগজ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক মাহবুব সুমন জানান, সাধারণ কাগজ থেকে মণ্ড তৈরি করে তার ভেতরে সুকৌশলে বিভিন্ন সবজির বীজ মিশিয়ে দেওয়া হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে তৈরি হয় এই কাগজ। প্লাস্টিক বা পলিথিন বর্জন করে মাটির উর্বরতা বাড়াতে এটি বিশেষ ভূমিকা রাখবে।

খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে এবারের নির্বাচনে লড়ছেন তারেক রহমান। তার এই প্রচারণাকে গ্রিন ক্যাম্পেইন বা পরিবেশবান্ধব রূপ দিতে আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। আজ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

তারেক রহমানের গ্রিন ক্যাম্পেইন, লিফলেট মাটিতে পড়লে গজাবে চারা

ছাত্রদল নেতা রাজিবুল ইসলাম শাকিল জানান, এবারের নির্বাচনে তারা ভিন্নতা আনতে চেয়েছেন। পচনশীল এই হ্যান্ডবিলগুলো মাটিতে পড়ার কয়েক দিনের মধ্যেই কোনোটি থেকে টমেটো, কোনোটি থেকে মরিচ কিংবা অন্য কোনো সবজির চারা গজাবে।

সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, আমরা কেবল ভোট চাইতে আসিনি, পরিবেশ রক্ষার একটি বার্তাও মানুষের দুয়ারে পৌঁছে দিতে চেয়েছি। প্লাস্টিক বা পলিথিন বর্জ্য যখন উদ্বেগের কারণ, তখন আমাদের এই বীজযুক্ত লিফলেট নতুন আশার আলো দেখাবে।

নির্বাচনি উৎসবে আবর্জনার পাহাড় জমার পরিবর্তে গাছ লাগানোর এমন সৃষ্টিশীল ভাবনা সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। পথচারীরা আগ্রহ নিয়ে সংগ্রহ করছেন এই ‘জীবন্ত’ লিফলেট।

পরিবেশবিদেরাও বলছেন, রাজনৈতিক প্রচারণায় এমন পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার দেশের নির্বাচনি সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।

এল.বি/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।