ভেঙে পড়লো ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতু, ৪ শিশু নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালান দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে শান্তি নামের এক শিশু।
স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যান অনেকে। অনেকে সাঁতরে তীরে ওঠেন। তবে নিখোঁজ হয় পাঁচ শিশু।
খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ চলছে।
এসআর/এমএস