মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
ঝিনাইদহ সদরের একটি মসজিদে ইফতারির প্যাকেট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলার নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে স্থানীয় যুবকরা ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের আগ মুহূর্তে ওই গ্রামের এক ব্যক্তি ইফতারির দুটি প্যাকেট দাবি করেন। এ নিয়ে ইফতার আয়োজকদের সঙ্গে ওই ব্যক্তির বাকবিতন্ডা হয়। এরপর মাগরিবের নামাজ শেষে জামশেদ হোসেন নামের ওই ব্যক্তি আরও কয়েকজনকে ডেকে নিয়ে মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ইট দিয়ে মারুফ নামের এক যুবকের মাথায় আঘাত করে। সে সময় আয়োজকদের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায়। এতে ইটের আঘাত ও কিল-ঘুসিতে অন্তত পাঁচজন আহত হয়।
ওসি সামসুল আরেফিন বলেন, ইফতার নিয়ে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতির শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম শাহাজান/কেএইচকে/এমএস