সেফটি ট্যাংকের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের বেনাপোলের পোর্ট থানার পল্লীতে মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের প্রবাসী জাকির ঢালির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- বালুন্ডা গ্রামের আব্দুল কাদের (৪৮), জাকির হোসেন (৪৫) ও আব্দুল কাদের (৪৬)। আহতদের মধ্যে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক গুরুতর আহত হন।

সেফটি ট্যাংকের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাদের দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকির হোসেনের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।