নারায়ণগঞ্জ-৩

প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শ্রমিক দল নেতার নাম মোশারফ হোসেন। তিনি সোনারগাঁ শ্রমিক দলের সদস্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের ‘ফুটবল’ প্রতীকের হয়ে অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা ও স্বর্ণা আক্তারসহ একদল কর্মী ভট্টপুর গ্রামে গণসংযোগে যান। প্রচারণা চলাকালে সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন তাদের পথরোধ করেন। এসময় তিনি নারী কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে প্রচারণায় নিয়োজিত কর্মীদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ের বক্তব্যের জন্য অভিযুক্ত মোশারফ হোসেনকে এবং নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনোভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো.আকাশ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।