চার মাসে হাফেজ হলো ১১ বছরের আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মাত্র ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মিরসরাইয়ের মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী নুসরাত আব্দুল্লাহ আল আজহার (১১)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আজহার ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের ৫ নম্বর ওয়ার্ডের দেবীপুরের মৃত নুর জামাল ও বিবি হাজেরার একমাত্র ছেলে। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর থেকে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কমলদহ এলাকায় আত্মীয় আকতার হোসেনের কাছেই বেড়ে উঠেন আজহার।

আজহারের মা বিবি হাজেরা বলেন, আমার স্বপ্ন ছিল হাফেজের মা হবো। আলহামদুলিল্লাহ, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার আরেকটি স্বপ্ন রয়েছে তা হলো আমার ছেলেকে বড় আলেম বানানো। আমি আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবেন না।

আজহারের মামা আকতার হোসেন বলেন, আমার কাছেই আজহার ছোট থেকে বেড়ে উঠেছেন। আজ আমার খুবই আনন্দ লাগছে। আজ তার বাবা বেঁচে থাকলে সন্তানের এই অর্জনে অনেক খুশি হতেন। আজহারকে বড় আলেম বানানোর যে স্বপ্ন তা মা দেখছেন আমি তা পূরণে সহায়তা করবো।

মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, আমি অনেক বেশি আনন্দিত। আমার ছাত্র আহজার অনন্য নজির গড়েছেন। সে আমাদের মাদরাসায় প্রথমে নুরানি পড়েন। নূরানীর বোর্ড পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে। সে খুবই মেধাবী। আমার শিক্ষকতার ১৮ বছরে এই প্রথম এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করা ছাত্র পেলাম। এটি সত্যিই আল্লাহর অনেক বড় নেয়ামত।

মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা জাফর উল্লাহ নিজামী বলেন, আজহারের বাবা নেই, মা কোনরকম করে তাদের দুই ভাই-বোনকে নিয়ে জীবনযাপন করছেন। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমরা তার যাবতীয় খরচ ফ্রি করে দিয়েছি। আমার ২৯ বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র পাইনি। এত অল্প সময়ে সে কোরআন হেফজ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর হেফজ বিভাগে ভর্তি হয়। মাদরাসার বন্ধ বাদে ১২০ দিনে কুরআন হেফজ সম্পন্ন করেন চলতি বছরের ২৬ জানুয়ারি।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।