স্বর্ণের চেইন পরা মানুষ ফ্যামিলি কার্ড পাবে না: জয়নুল আবেদীন ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫২ এএম, ১৭ মে ২০২৬

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী স্বর্ণের চেইন পরা কোনো স্বচ্ছল মানুষ ফ্যামিলি কার্ড পাবে না। সেদিকে যেন খেয়াল রাখা হয়।

শনিবার (১৬ মে) নোয়াখালীর সেনবাগে গরিব-দুঃস্থদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, মানুষের কাছে আড়াই হাজার টাকা বড় কথা নয়; বড় কথা হলো নেতা তার প্রতিশ্রুতি রক্ষা করছেন।

তিনি বলেন, আমরা কী পেয়েছি বা কী পাইনি, সেটা আমাদের বিবেচ্য নয়। আমরা সবার আগে পেয়েছি বাংলাদেশ। আমরা চাই দুর্নীতি, ঘুস ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ। ইয়াবা ও রাস্তায় ইভটিজিং শূন্য বাংলাদেশ। সর্বোপরি আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতের সর্বোচ্চ উন্নয়ন চাই।

এসময় নোয়াখালীতে ৩৮৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে উৎসবমুখর পরিবেশে নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে একযোগে এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই সন্ধ্যা সাড়ে ৭টায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ৩৮৮টি উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের মুঠোফোনে ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা পেয়ে যান। মোবাইল ফোনে টাকা আসার সঙ্গে সঙ্গে উপস্থিত নারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

ভার্চুয়ালি উদ্বোধন পর্ব শেষ হওয়ার পর মাঠ পর্যায়ে নির্বাচিত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন জয়নুল আবেদীন ফারুক।

সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জে.এম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।