হুইলচেয়ারে এসে ভোট দিয়ে সন্তুষ্টি দুই ভোটারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হুইল চেয়ারে ভোট দিতে আসা বৃদ্ধা জরিনা বেগম ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যশোর সদর উপজেলার মুনসেফপুরে হুইলচেয়ারে এসে ভোট দিয়েছেন অশীতিপর বৃদ্ধা জরিনা বেগম। জীবনসায়হ্নে এসে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে যশোর-৩ (সদর) আসনের মুনসেফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

মেয়ের সঙ্গে হুইলচেয়ারে এসে ভোট দেওয়ার পর জরিনা বেগম বলেন, ‘বহু বছর আগে ভোট দিছি। আবার ভোট দিয়ে ভালো লাগছে।’

জরিনা বেগমকে ভোট দিতে নিয়ে আসা তার মেয়ে রিজিয়া বেগম বলেন, ‘আমার মা ভোট দিতে আসতে চেয়েছিলেন। তাই তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। আমরা প্রার্থীর কাছে তেমন কিছুই চাই না। আমরা যাতে ভালো থাকি, সে রকম কাজ করলেই আমরা খুশি।’

বেলা ১১টার পর একই কেন্দ্রে হুইলচেয়ারে ভোট দিতে আসেন মুক্তার শেখ নামের আরেক ব্যক্তি। ভোট দিয়ে তিনি বলেন, ‘১৭ বছর পর ভোট দিয়ে খুব আনন্দ লাগছে। এখন দেখার বিষয়, ভোটের পর নতুন সরকার আমাদের কতটা ভালো রাখতে পারে।’

মুক্তারের ছেলে ইব্রাহিম শেখ বলেন, ‘ভোট দেওয়ার জন্য আব্বা খুব জোরাজুরি করছিলেন। ভোটকেন্দ্রে আসার পরে অনেকেই বলেছে, এত কষ্ট করে ভোট দেওয়ার দরকার নাই। কিন্তু আব্বা কারও কথা শোনেননি। যত কষ্টই হোক, তিনি ভোট দিয়েই বাড়ি যাবেন বলে সবাইকে জানিয়ে দেন।’

মিলন রহমান/ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।